বেতাগী (বরগুনা) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর অবাধ ব্যবহারে বেতাগী পৌর শহরে বাড়ছে পরিবেশ দূষণের আশঙ্কা। বাজার, দোকানপাট, কাঁচাবাজার থেকে শুরু করে রাস্তার পাশের চায়ের দোকান—সবখানেই দাপটের সঙ্গে ব্যবহার হচ্ছে প্লাস্টিক, যা মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে পুরো পৌর এলাকাকে।

গত বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) সরেজমিনে দেখা যায়, পৌর শহরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা ও হাট-বাজারে পণ্য পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে পলিথিন ও অন্যান্য প্লাস্টিক সামগ্রী। খাবার পরিবেশনের ক্ষেত্রেও প্লাস্টিকের কাপ, প্লেট ও বোতলের ব্যবহার চোখে পড়ার মতো। ব্যবহার শেষে এসব প্লাস্টিক যত্রতত্র ফেলে দেওয়ায় নালা-নর্দমা ভরে যাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম এলেই প্লাস্টিক বর্জ্যের কারণে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা দেখা দেয়। দীর্ঘ সময় নোংরা পানি জমে থাকায় ডেঙ্গু, চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। বেতাগী পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মজিবুর রহমান (৭২) বলেন, “পরিবেশবান্ধব বিকল্প পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই বাধ্য হয়ে প্লাস্টিক ব্যবহার করছেন।”

তবে স্থানীয় অনেকেই মনে করেন, যথাযথ তদারকি ও নিয়মিত অভিযান না থাকায় প্লাস্টিক ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না।

এ বিষয়ে বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, “প্লাস্টিক ব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হবে।”

পরিবেশবিদদের মতে, প্লাস্টিক দূষণ রোধে প্রশাসনিক কঠোরতার পাশাপাশি জনগণের সচেতনতা ও বিকল্প ব্যবহারে আগ্রহ তৈরি করা জরুরি। তা না হলে ভবিষ্যতে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com