
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট ও পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে পাথরঘাটা পৌরসভার ০২ নং ওয়ার্ডে অবস্থিত পশু হাসপাতালের সামনে মৃত শাহজাহান ফরাজীর বাড়ি থেকে ইয়াসিন আলী অন্তর (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি পাথরঘাটা কলেজ রোড, ফরেস্ট অফিসের সামনে ০৮ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা ইউসুফ আলী ও মাতা তাসলিমা।
আটকের সময় তার বাড়ি থেকে ৮ পিস ইয়াবা, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি এবং মাদক ব্যবসায়ে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত ইয়াসিন আলী অন্তরের বিরুদ্ধে পাথরঘাটা থানায় একাধিক—মোট ৬টি—মাদক মামলা রয়েছে। এলাকায় তিনি একজন কুখ্যাত মাদক কারবারি ও মাদকের গডফাদার হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রাত ১০টার দিকে তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। অভিযান শেষে রাত সাড়ে ১০টায় নৌবাহিনী কন্টিনজেন্টে প্রত্যাবর্তন করা হয়।
নৌ গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে পরিচালিত এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয় সাধারণ মানুষ জানান, এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে এবং নৌবাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে।