
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা মোল্লারহোড়া এলাকায় অবৈধ টলিং বোর্ড/ট্রলারের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক জেলে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা জানান, ছোট নৌকা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরাই তাদের একমাত্র জীবিকা। কিন্তু অবৈধ টলিং ট্রলারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা, জাল নষ্ট এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এতে তাদের জীবন ও জীবিকা দুটোই হুমকির মধ্যে রয়েছে।
ভুক্তভোগী জেলে মো. বাবলু, জাকির আকন ও বেল্লাল বিশ্বাসসহ অনেকে বলেন, তারা রাত-দিন নদীতে মাছ ধরতে যান। বেশিরভাগ সময় একাই ছোট নৌকায় মাছ ধরতে হয়। এ সুযোগে বড় টলিং বোর্ডগুলো কোনো সিগনাল বা হুইসল না দিয়ে দ্রুতগতিতে চলাচল করে ছোট নৌকার ওপর দিয়ে চলে যায়। এতে জাল ও মাছ ধরার সরঞ্জাম নষ্ট হয়ে হাজার হাজার টাকার ক্ষতি হচ্ছে।
জেলেদের অভিযোগ, পাথরঘাটায় কোস্টগার্ডের নজরদারি ও জটিলতার কারণে অনেক অবৈধ ট্রলার সেখানে না গিয়ে আমুয়া এলাকায় মাছ বিক্রি করছে। যাতায়াতের সময় এসব ট্রলার বেপরোয়া চলাচল করে ছোট নৌকায় ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে।
স্থানীয় বাসিন্দা রিয়াজ ফরাজি বলেন, অবৈধ টলিংয়ের অত্যাচারে জেলেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
রিয়াজ মুন্সি জানান, কিছুদিন আগে তাদের এলাকার জেলে মোস্তফা শিকদারকে একটি টলিং বোর্ড ধাক্কা দিলে তিনি নিখোঁজ হন। পরে তার নৌকাটি দূরে ভাসতে দেখা যায় এবং সেখানে লাল রঙের দাগ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বড় কোনো ট্রলারের ধাক্কায় তিনি নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। এখনো তার মরদেহ উদ্ধার হয়নি।
স্থানীয় জনপ্রতিনিধি হালিম মেম্বার বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং বহু জেলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি অবৈধ টলিং ট্রলারের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় এলাকাবাসী নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে বলেও সতর্ক করেন।
মানববন্ধনে ভুক্তভোগী জেলে, তাদের পরিবার-পরিজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।