নিরাপত্তার চাঁদরে বরগুনা-১: ১৯০ কেন্দ্রে ভোট আজ, আমতলীতে ৬৫ কেন্দ্র প্রস্তুত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালেই শুরু হচ্ছে ভোটগ্রহণ। ইতোমধ্যে ব্যালট পেপার ও ভোটবাক্স কেন্দ্রে পৌঁছে গেছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব গ্রহণ করেছেন।

বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন (অন্য সূত্রে ৫ লাখ ১২ হাজার ৬০৩ জন উল্লেখ রয়েছে)। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ২ লাখ ৫৫ হাজারের বেশি এবং নারী ভোটার প্রায় ২ লাখ ৫৭ হাজারের বেশি। ২০০৮ সালের পর এবারই শতশত তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এ আসনে মোট ১৯০টি ভোটকেন্দ্রে ১ হাজার ১৩৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা-

আমতলীতে ৬৫টি কেন্দ্র প্রস্তুত: সিসি ক্যামেরা স্থাপন, নিয়োগ ১২৬৫ কর্মকর্তা

নির্বাচনকে কেন্দ্র করে পুরো দক্ষিণাঞ্চলকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে। নৌবাহিনী, র‌্যাব, কোস্টগার্ড, বিজিবি, আর্মড ব্যাটালিয়ন আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানো হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সশস্ত্র ও নিরস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। স্পর্শকাতর কেন্দ্রগুলোতে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে।

আমতলী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন। এখানে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৫টি ভোটকেন্দ্রে ৪০০টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ৬৫ জন প্রিজাইডিং অফিসার, ৪০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮০০ জন পোলিং অফিসার—মোট ১ হাজার ২৬৫ জন কর্মকর্তা। এছাড়া ৩ জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

তিনি বলেন, “উপজেলার সব ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আলাদা পদক্ষেপ রয়েছে। শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুত।”

আমতলী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন,প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তফসিল ঘোষণার পর থেকে এ এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে রয়েছেন মাওলানা মো. মাহমুদুল হাসান অলি উল্লাহ। খেলাফত মজলিসের অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির (জেপি) মো. জামাল হোসেন বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটের অপেক্ষায় পুরো দক্ষিণাঞ্চল-

সরকারি ছুটির সুযোগে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ নিজ এলাকায় ফিরেছেন ভোটাধিকার প্রয়োগের জন্য। ইতোমধ্যে প্রচারণা শেষ হয়েছে, এলাকা জুড়ে বিরাজ করছে নির্বাচনী নীরবতা।

সব প্রস্তুতি শেষে বরগুনাসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষ এখন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশায় প্রহর গুনছেন। প্রশাসন বলছে—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com