
বরগুনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনার দুই সংসদীয় আসনের ৩১২টি ভোটকেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে,
আজ বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের অংশগ্রহণও বাড়ছে👇(ভিডিও)
বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী ভোটারদের দীর্ঘ সারি। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন। বিশেষ করে নারী ও হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটারদের মাঝেও দেখা গেছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।👇👇(ভিডিও দেখুন)
এরই মধ্যে একজন প্রবীণ ভোটার সাংবাদিকদের জানান, “গত ১৭ বছরে এত সুষ্ঠু পরিবেশে নিজের ভোট নিজে দিতে পারিনি। এবার কোনো চাপ ছাড়াই ভোট দিতে পেরে ভালো লাগছে।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলা ১২টার মধ্যেই ৩০ শতাংশের বেশি ভোট কাস্টিং সম্পন্ন হয়েছে,
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরগুনার দুই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৬২ জন এবং নারী ভোটার ৪ লাখ ৩০ হাজার ১২৬ জন। নারী ভোটারের সংখ্যা বেশি হওয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের সার্বিক চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচনকে কেন্দ্র করে জেলায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে গুলোতে পর্যাপ্ত বাড়তি পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের সার্বিক নিরাপত্তায় মাঠে কাজ করছেন ৬ হাজার ৩৯২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রতিটি কেন্দ্রে পুলিশ, অঙ্গীভূত আনসার ও ব্যাটালিয়ন আনসার মিলিয়ে ১৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন প্রয়োগে দায়িত্ব পালন করছেন ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে। সার্বিকভাবে বরগুনায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।