
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় পৃথক দুটি অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ও জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও গোলযোগ সৃষ্টির অভিযোগে এসব অভিযান চালানো হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরণপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে নৌবাহিনী পাথরঘাটা কন্টিনজেন্ট। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক কিশোরদের বিরুদ্ধে নির্বাচন ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তীতে তাদের পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত দুইজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এদিকে একই দিনে দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে টাকা বিতরণের সময় জামায়াত ও শিবিরের দুই কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— নিজলাঠিমারা গ্রামের মৃত সের আলী মোল্লার ছেলে কবির (৩০) এবং রাহাত নামে এক শিবির কর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা বিভিন্ন স্থানে টাকা বিতরণ করছিলেন— এমন অভিযোগে স্থানীয় লোকজন ও বিএনপি কর্মীরা রাহাতকে আটক করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ এড়াতে কয়েকজন সেখান থেকে সরে যান। পরে কবির ঘটনাস্থলে এলে মোবাইল পুলিশ টিম দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে। এ সময় নৌবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
মোবাইল পুলিশের কর্মকর্তা ও জেলা পুলিশের উপপরিদর্শক বিকাশ কর্মকার জানান, ঘটনাটি তদন্তাধীন। উদ্ধার হওয়া অস্ত্র ও টাকার উৎস যাচাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, অবৈধ কার্যক্রম ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও পাথরঘাটা পৌরসভার ৮ নং ওয়ার্ডের খারাকান্দা এলাকায় বিএনপির এক কর্মীর মোটর সাইকেল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা-ভিডিও দেখুন 👇