
বরগুনার পাথরঘাটা উপজেলায় কাঠালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার দুই পা ভেঙে দেওয়া হয়েছে এবং বাম হাত ও মাথায় গুরুতর জখম করা হয়েছে বলে জানানো হয়েছে।
আহত মাহফুজুর রহমান (৫০) কাঠালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কাঠালতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বয়ারগুদি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান দুপুর ১টার দিকে কাঠালতলী দাখিল মাদ্রাসা থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বয়ারগুদি ব্রিজে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা তিন ব্যক্তি তার ওপর হামলা চালায়।
পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন বলেন, হামলাকারীরা লাঠি ও লোহার পাইপ দিয়ে আঘাত করে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে এলোপাতাড়ি পিটিয়ে তার দুই পা ভেঙে দেয়। এ সময় তার কপালের ডান পাশে ও বাম হাতেও গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, আহতের দুই পায়ে মারাত্মক আঘাত রয়েছে। এছাড়া কপাল ও হাতে জখম হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর/পঙ্গু) এ রেফার করা হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে এখনো সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরো দেখুন 👇 (বরগুনার সংবাদ) 👇