
বরগুনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার দুটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রকে ভোটগ্রহণের দিন ধূমপানমুক্ত রাখার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসন। রবিবার স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক তাছলিমা আক্তার বরগুনা-১ (সংসদীয় আসন নং ১০৯) ও বরগুনা-২ (সংসদীয় আসন নং ১১০) এলাকার সর্বসাধারণের অবগতির জন্য এ ঘোষণা দেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার নির্ধারিত সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে (বরগুনা সদর, আমতলী ও তালতলী) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৬০ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৯০টি। অন্যদিকে বরগুনা-২ আসনে (পাথরঘাটা, বামনা ও বেতাগী) মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন এবং ভোটকেন্দ্র ১২২টি।
এ বিষয়ে বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাচানুর রহমান ঝন্টু বলেন, জেলা প্রশাসকের এ উদ্যোগ প্রশংসনীয়। তবে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে স্বাস্থ্য ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের, বিশেষ করে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের এ বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটার, প্রার্থী, এজেন্ট এবং সংশ্লিষ্ট সকলকে ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।