
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আসছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন।
গত সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি জানান, আমন্ত্রিতদের মধ্যে তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও জর্জিয়া থেকে ৬০ জন সাংবাদিক ও পর্যবেক্ষক আসছেন। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিনিধিরাও নির্বাচন কাভার করতে বাংলাদেশে আসবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ জন পর্যবেক্ষক অংশ নেবেন।
ইসি সচিব বলেন, বরগুনার ব্যালটে কিছু ত্রুটি ধরা পড়েছিল এবং ফরিদপুর-১ আসনের ব্যালটেও সংশোধন প্রয়োজন হয়েছিল। তবে এসব সমস্যা সমাধান করে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, “এখন আমরা পুরোপুরি নির্বাচনমুখী। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যাতে কোনো প্রচারণা না চলে, সে জন্য ডিজিটাল মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ইসি সচিব বলেন, সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে এবং বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে দুটি প্রাণহানির ঘটনা দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচনি পরিবেশ নিয়ে যেকোনো অভিযোগ নির্বাচন কমিশন গুরুত্বসহকারে সুরাহা করবে। মিছিল-মিটিং ও বক্তব্য-পাল্টা বক্তব্য নির্বাচন প্রক্রিয়ারই অংশ এবং এখন পর্যন্ত তা শালীনতার মধ্যেই রয়েছে।
আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।