বরগুনায় সাবেক এমপি হিরুকে কুপিয়ে জখম, কুমিল্লায় আহত ৩, লালমনিরহাটে প্রার্থীর গাড়িবহরে হামলা:
নিজস্ব প্রতিনিধি: নির্বাচনি প্রচারের শেষ দিনেও দেশের বিভিন্ন জেলায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরগুনা, কুমিল্লার দেবিদ্বার ও লালমনিরহাটে পৃথক হামলায় সাবেক সংসদ সদস্যসহ একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বরগুনায় সাবেক এমপি হিরুর ওপর হা-ম-লা:
বরগুনা-২ (বেতাগী-পাথরঘাটা-বামনা) আসনে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর স-শ-স্ত্র হামলার ঘটনা ঘটেছে।গত সোমবার বিকাল ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনের সামনে দুর্বৃত্তদের হা/মলায় তিনি গুরুতর আ/হত হন,,
স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার শেষে ব্যক্তিগত কাজে বাজারে যাওয়ার সময় ওত পেতে থাকা ৩-৪ জন হামলাকারী ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তার ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
তাৎক্ষনিক পাশ দিয়ে একটি মিছিল যাওয়ার সময় সেখানকার কিছু নেতা-কর্মীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত হিরুকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
দেবিদ্বারে বিএনপি কর্মীদের ওপর হামলা:
কুমিল্লার দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের তিন কর্মী আহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. গোলাম হাক্কানি (৪৩), সুমন (৩০) ও সুজন (২০)। তারা ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজিচালিত অটোরিকশায় মাইকিং করছিলেন। হামলার সময় তাদের মারধর করা হলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা:
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধার জোড়াপুকুর এলাকায় এ হামলা হয়।
প্রচার শেষে ফেরার পথে একদল দুষ্কৃতকারী তার গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। এতে প্রার্থীর ব্যক্তিগত গাড়ি ব্যাপক ভাঙচুর হয় এবং শিহাব আহম্মেদসহ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
হামলার প্রতিবাদে প্রার্থীর শত শত সমর্থক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং যান চলাচল বন্ধ করে দেন। ফলে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে প্রচার শেষে ফিরছিলাম। পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। মাঠের পরিস্থিতি এমন অস্থিতিশীল থাকলে সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পাবে।”
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
উদ্বেগ বাড়ছে –
নির্বাচনের শেষ মুহূর্তে ধারাবাহিক এসব হামলা-সংঘর্ষে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে।