পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি-আদর্শ থাকে না। ব্যক্তিস্বার্থ নয়, আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম ও মানুষের কল্যাণের লক্ষ্যেই তার দল রাজনীতি করে।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময়ে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের আমলে দুর্নীতি ও অর্থপাচারের ঘটনা ঘটেছে। বিদেশে অর্থ পাচারের মাধ্যমে ‘বেগমপাড়া’ গড়ে ওঠার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

জনসভায় জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেন চরমোনাই পীর। তিনি অভিযোগ করেন, দলটি ক্ষমতায় গেলে শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট অঙ্গীকার দেবে না। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট জোট থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, “জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই।”

তিনি আরও বলেন, জোট ছাড়ার পর অনেকেই দলকে দুর্বল মনে করলেও বাস্তবে ইসলামী আন্দোলন আরও সংগঠিত ও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষের মধ্যে হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন বাড়ছে বলেও দাবি করেন তিনি। আসন্ন নির্বাচনে বরগুনা-২ আসনে দলের প্রার্থীর বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন দলের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা সাধারণ সম্পাদক আব্দুর সাকুর এবং ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতারা।

By দৈনিক শেষকথা

দৈনিক শেষকথা প্রকাশনার ২৩ বছর__ "দৈনিক শেষকথা" সরকারি মিডিয়াভূক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, রেজি নং-ঃ কেএন-৪৪১, Daily Seshkatha News24, সম্পাদক ও প্রকাশক - মোঃ ইউনুস সোহাগ। নির্বাহী-সম্পাদক - মিজানুর রহমান। উপদেষ্টা মন্ডলি প্রধান - হাফিজুর রহমান, সহযোগী সম্পাদক-- মো: আতিকুর রহমান ইশতি। বার্তা সম্পাদক- আরিয়ান শ্রাবণ- জুবায়ের, সহযোগী বার্তা সম্পাদক - রাইসা ও মাইসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com