
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বরগুনা সদর থানাধীন কেওড়াবুনিয়া ইউনিয়নের সিংড়াবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ইব্রাহীম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ। এতে এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে কেওড়াবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংড়াবুনিয়া এলাকায় মঞ্জু মোল্লার ব্রিজের পূর্ব পাশে বায়েজিদ মুদি মনোহরী দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৪ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সজিব হাওলাদার (২৪), পিতা: আঃ জলিল হাওলাদার এবং মোঃ শামিম খলিফা (২৫), পিতা: মোঃ আউয়াল খলিফা। তারা উভয়েই বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধূপতি এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই সুশীল কুমার দাস বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন। প্রধান আসামি সজিব হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় এবং সহযোগী হিসেবে শামিম খলিফার বিরুদ্ধে একই আইনের ৪১ ধারায় মামলা নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে