
বরগুনা প্রতিনিধি: আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরগুনায় পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। তিনি নির্বাচনী দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, “নির্বাচনী দায়িত্ব বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখেই আমাদের দায়িত্ব পালন করতে হবে।”
তিনি জানান, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি নির্বাচন-পূর্ব সময়ে থানা পর্যায়ে অতিরিক্ত ব্রিফিংয়ের মাধ্যমে সদস্যদের আরও প্রস্তুত করা হবে।
নির্বাচন চলাকালে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এসময় সকল সদস্যকে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্রিফিংয়ের শেষাংশে পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করে বলেন, “আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।”
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাহউদ্দিনসহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এতে অংশ নেন।