
বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু। তিনি তারেক রহমানকে ইঙ্গিত করে সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন এবং জামায়াতে ইসলামীকে “গুপ্ত সংগঠন” বলার মন্তব্যকে অনভিপ্রেত বলে উল্লেখ করেন।
গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনের সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
“তারেক রহমানের উদ্দেশ্যে মাহমুদা মিতু বলেন, ভেবেছিলাম দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের কথা বলবেন। কিন্তু তিনি জামায়াতে ইসলামীকে “গুপ্ত সংগঠন” বলেছেন—এ কথা তার মুখে মানায় না!” তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক সহযোগিতার বিষয়টি উপেক্ষা করে এ ধরনের মন্তব্য করা হয়েছে।
রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এনসিপির এই নেত্রী বলেন, শিক্ষিত, ভদ্র ও যোগ্য মানুষদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়াতে হবে, নইলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহমেদকে একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন তিনি।
জনসভায় মাহমুদা মিতু ১১–দলীয় জোট সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নির্বাচনে নিজেদের এগিয়ে থাকার দাবি জানান।
সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক জোটের সমর্থকরা উপস্থিত ছিলেন।