
বরগুনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলার ৬টি উপজেলার ৩১২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪ হাজার ৫৬ জন আনসার ও ভিডিপি সদস্য।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বরগুনা আনসার ও ভিডিপি কার্যালয়ে নির্বাচন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে সদস্যরা প্রায় দেড় বছর ধরে প্রশিক্ষণ, যাচাই-বাছাই এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেছেন।
তিনি আরও জানান, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
নির্বাচনকে সামনে রেখে এমন সুসংগঠিত প্রস্তুতিতে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
