
বরগুনা প্রতিনিধি: প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে বরগুনা সদরের আল-মিজান অ্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে থেকে “বরগুনার সাধারণ শিক্ষার্থী” ব্যানারে এ মিছিল বের করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, জকসু নেত্রী শান্তা আক্তার ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান। একই সঙ্গে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে হামলার ঘটনা গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী। তারা অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মিছিলে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, আহতদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি চলমান আন্দোলনের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান তারা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।