
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে আলোচিত গণধর্ষণের ঘটনায় দায়ের মামলার মূল আসামি হিরোন হাওলাদারকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৮। ঘটনার পর আত্মগোপন করে ঢাকায় পালানোর চেষ্টা করার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
উল্লেখ্য গত বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তালতলী উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে চারজন মিলে গণধর্ষণ করে। এই মামলার প্রধান আসামি হিরোন হাওলাদার। র্যাব সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে কলাপাড়া থেকে ঢাকা যাওয়ার পথে পটুয়াখালী র্যাব-৮-এর স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বাধীন দল তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার সকালে তালতলী থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. আসাদুর রহমান বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আমরা হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করব। এছাড়া অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।