
বরগুনা প্রতিনিধি: নিখোঁজের ১৭ দিন পর এক ট্রলার ব্যবসায়ীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদী তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি গোলাম মোস্তফা শিকদার (৭৯)। তিনি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা গ্রামের বাসিন্দা এবং বনি আমিন শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রলার ব্যবসায়ী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাতে বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোস্তফা শিকদার। পরদিন জেলেরা নদীতে তার নৌকাটি ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর স্বজন ও স্থানীয়রা ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
নিহতের জামাতা মো. মাসুদ বলেন, “প্রায় এক মাস আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। পরে হার্টে রিং পরানো হয়। এরপরও তিনি মাছ ধরতে নদীতে যান। ৩১ তারিখ নিখোঁজ হওয়ার পর আমরা থানায় জিডি করি। আজ পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।”
এ বিষয়ে বরগুনা সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”