
বরগুনার বেতাগী উপজেলায় দীর্ঘ ১৮ মাস পরিত্যক্ত থাকা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা কার্যালয়ের ভেতরে বাংলাদেশ আওয়ামী লীগ–এর সভাপতি শেখ হাসিনা ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান–এর ছবি টাঙান এবং সাইনবোর্ড স্থাপন করেন।
ঘটনাটি ঘটে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীমসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তারা দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দেন। এরপর কার্যালয়ের প্রধান ফটকে দলীয় সাইনবোর্ড টানানো হয়।
ভাইরাল ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে!