
গোলাম কিবরিয়া বরগুনা :
বরগুনার বামনা উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বামনা সৈয়দ রহমত আলী স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে পার্শ্ববর্তী মঠবারিয়া উপজেলার গুলিশাখালী একাদশ ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ১৬ দল অংশগ্রহণ করে।
হাজার দর্শকে পূর্ণ স্টেডিয়ামে দু’দলের চরম উত্তেজনায় খেলাটি ট্রাইবেকারের ৪-৩ গোলে সমাপ্ত হয়। খেলায় চ্যম্পিয়ন হয় মঠবাড়িয়ার গুলিশাখালী একাদশ ও রানার্সআপ মির্জাগঞ্জ একাদশ। আইনশৃংখলা বাহিনীর কঠোর পদক্ষেপে খেলায় শেষ অবধি শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন মঠবাড়িয়া একাদশকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি এলইডি টিভি তুলে দেওয়া হয়।
এ ফাইনাল খেলায় বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, উক্ত ফুটবল টুর্নামেনেটের প্রধান পৃষ্ঠপোষক আলহজ্ব মো: রুহুল আমিন শরিফ, অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল আহবায়ক দীপু সিকদার, ফুটবল টুর্নামেন্টের আহবায়ক আরিফুর রহমান শিমুল ও সদস্য সচিব রায়হান নাজির ধলুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি আলহাজ্ব নূরুল ইসলাম মনি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ৩ বারের সাংসদ তিনি পবিত্র ওমরাহ পালন করায় উপস্থিত থাকতে পারেননি।
